বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মানবিক সহায়তায় আবারও আলোচনায় চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম

চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রান্তের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। দীর্ঘদিন ধরে স্বল্প বেতনে দায়িত্ব পালন করা ডিসি পার্কের নিরাপত্তা কর্মী জাহাঙ্গীর আলম ও অসুস্থ নারী গীতা বিশ্বাসের চিকিৎসায় তাৎক্ষণিক সহায়তা প্রদান করে তিনি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

ফৌজদারহাট থানার পোর্ট লিংক রোড মেরিন ড্রাইভ এলাকায় অবস্থিত ডিসি পার্কের নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর আলম পরিবার-পরিজন নিয়ে নিত্যদিনের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিলেন। তার ওপর অতিরিক্ত দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় বৃদ্ধ শাশুড়ি মরিয়ম বেগমের চিকিৎসা। ছেলে তানজিদকে স্কুলে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন জাহাঙ্গীর- যার চিকিৎসা ব্যয় বহন করাও তার পক্ষে কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত তিনি লিখিত আবেদন করেন জেলা প্রশাসকের কাছে।

আবেদন পর্যালোচনার পর বুধবার (১০ ডিসেম্বর) জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নিজ কার্যালয়ে জাহাঙ্গীরকে ডেকে মরিয়ম বেগমের চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত জাহাঙ্গীর বলেন, “ছোটবেলা থেকেই চট্টগ্রামে থাকি, অনেক ডিসিকেই দেখেছি। এই ডিসি স্যার গরিব মানুষকে নিজের লোক মনে করে সাহায্য করেন।”

জাহাঙ্গীরকে সহায়তা দেওয়ার কিছুক্ষণ পর জেলা প্রশাসকের কাছে চিকিৎসার অনুরোধ নিয়ে উপস্থিত হন গীতা বিশ্বাস (৫০)। দীর্ঘদিনের অসুস্থতা ও দারিদ্র্যের কারণে দুশ্চিন্তাগ্রস্ত এই নারীও পান তাৎক্ষণিক আর্থিক সহায়তা। পরে জেলা প্রশাসকের নির্দেশে তাকে আপ্যায়নও করা হয়। সহায়তা পেয়ে গীতা কৃতজ্ঞতা প্রকাশ করে কার্যালয় ত্যাগ করেন।

মানবিক উদ্যোগ সম্পর্কে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “এই জেলার দায়িত্ব নতুন নিয়েছি। সামনে জাতীয় নির্বাচন-ব্যস্ততাও অনেক। তারপরও চেষ্টা করি যেন কেউ সাহায্য চাইতে এসে খালি হাতে না ফেরেন। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতেই আমার সবচেয়ে ভালো লাগে।”

ব্যস্ত সময়ের মধ্যেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল প্রশাসক হিসেবে আবারও নজর কাড়লেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...