ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক রয়েছে এবং তা আরও স্থিতিশীল হবে। নির্বাচন পরিচালনায় অর্থসংকট হবে না উল্লেখ করে তিনি জানান, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব অর্থ বরাদ্দ দেওয়া হবে।
এর আগে গত রোববার গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার দুপুরে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিক্যাল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রেস উইং আরও জানায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে হাদির চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ফারুক, চট্টলা২৪

