জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধনের আয়োজন করে চবি আধিপত্যবাদবিরোধী বাংলাদেশপন্থী শিক্ষক সমাজ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মুহম্মাদ রাশেদ নিজাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইব এবং সাঈদ বিন কামাল চৌধুরী।
মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—শরীফ ওসমান হাদিসহ জুলাই বিপ্লবীদের ওপর হামলাকারী ও হুমকিদাতা সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা; পতিত ফ্যাসিস্টদের চিহ্নিত সশস্ত্র ও সাংস্কৃতিক সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা; বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে আধিপত্যবাদের এজেন্ট ও ফ্যাসিস্টদের সহযোগীদের পুনর্বাসন বন্ধ করা।
মানববন্ধনে অধ্যাপক ড. কাজী মুহম্মাদ রাশেদ নিজাম বলেন, ‘সরকারের নমনীয়তা, প্রশাসনের অসহযোগিতা, মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজনের রাজনীতি এবং গণমাধ্যমের অন্যায্য ভূমিকা হাদিদের মতো বিপ্লবীদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।’
ড. মো. ইমাম হোসাইন বলেন, বিবেকের তাড়না থেকেই তাঁরা মানববন্ধনে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ২৪-এর বিপ্লবের ওপর ধারাবাহিকভাবে আঘাত আসছে। আধিপত্যবাদকে মেনে না নেওয়ার কারণেই আবরার ও ওসমান হাদিরা হামলার শিকার হচ্ছেন। তিনি বলেন, ওসমান হাদি ফিরে আসুন বা না আসুন, তাদের প্রত্যেককে ওসমান হাদির ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’
চৌধুরী, চট্টলা২৪

