বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জিগাতলার ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জান্নাত আরা রুমি (৩০)। তিনি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে হোস্টেলের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জান্নাত আরা রুমির বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায়। তাঁর বাবার নাম জাকির হোসেন।

পুলিশ জানায়, জান্নাত আরা রুমি জিগাতলার ওই ছাত্রী হোস্টেলের একটি কক্ষে একা থাকতেন এবং বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে তাঁর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও হোস্টেলের বাসিন্দারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলন্ত দেখতে পান। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে জান্নাত আরা রুমির মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করেন, রাজনৈতিক কারণে হুমকি ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে জান্নাত আরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গত মাসে ধানমন্ডি ৩২ নম্বরে একটি ঘটনায় জড়িত নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের একজন কর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর থেকেই জান্নাত আরা রুমিকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।

ওই পোস্টে তারেক রেজা দাবি করেন, এ ঘটনাকে তাঁরা আত্মহত্যা হিসেবে দেখছেন না এবং মৃত্যুর পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে বলেও অভিযোগ তোলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখা হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...