ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সবাই খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা সবাই আমাদের ছোটভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আগামীকাল জুমার নামাজের পরও আপনারা তাঁর জন্য দোয়া করবেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘অন্য ধর্মাবলম্বীদেরও তাঁর জন্য দোয়া করতে বলবেন। এই মুহূর্তে আমাদের দোয়াই তাঁর জন্য সবচেয়ে বেশি দরকার। আপনারা খাস দিলে দোয়া করলে তিনি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন।’
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে প্রশ্ন করা হলেও তিনি সেগুলো এড়িয়ে গিয়ে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত একটি মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গুলিটি তাঁর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ সোমবার দুপুরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।
ফারুক, চট্টলা২৪

