বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তাঁর সঙ্গে থাকবেন তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সেদিন বেলা ১১টার পর তাঁদের বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার। তিনি জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। এ সফরে তিনি তাঁর মেয়েকেও সঙ্গে নিয়ে আসছেন।
এর আগে গত ১২ ডিসেম্বর রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।
২০০৭ সালে তৎকালীন ‘ওয়ান-ইলেভেন’ সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর এবার তিনি দেশে ফিরতে যাচ্ছেন।
বিএনপির সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এরপর তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় অবস্থান করবেন। ওই বাসার পাশের বাসভবন ‘ফিরোজা’য় দীর্ঘদিন ধরে বসবাস করছেন খালেদা জিয়া।
এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
ফারুক, চট্টলা২৪

