বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথ উন্নয়নে এডিবির ৬৮.৮ কোটি ডলার ঋণ

চট্টগ্রামের রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে চট্টগ্রাম-দোহাজারী রেলপথের আধুনিকায়ন ও সম্প্রসারণে বাংলাদেশকে ৬৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৪০৫ কোটি টাকা।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ সংক্রান্ত ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং চুক্তিতে সই করেন।

এডিবি জানায়, প্রকল্পের আওতায় চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৩৫ কিলোমিটার রেলপথ উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে। পাশাপাশি নির্মাণ করা হবে ২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ একটি বাইপাস রেলপথ। এর ফলে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনগুলো চট্টগ্রাম স্টেশনে না থেমেই চলাচল করতে পারবে, যা যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

অনুষ্ঠানে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, এই প্রকল্প ঢাকা ও কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগের সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বাড়াবে। বিশেষ করে পর্যটন ও মৎস্য শিল্পের বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি শক্তিশালী পরিবহন ও ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে এ বিনিয়োগ সহায়ক হবে।

প্রকল্পের আওতায় রেলপথের ট্র্যাক উঁচুকরণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক সিগন্যালিং সিস্টেম স্থাপন করা হবে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে ৩০টি জ্বালানি সাশ্রয়ী লোকোমোটিভ সংগ্রহ করা হবে। এছাড়া তিনটি রেলস্টেশন আধুনিক ও ব্যবহারবান্ধব করে গড়ে তোলা হবে, যেখানে বেসরকারি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানানো হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...