বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে: রোভার স্কাউটদের উদ্দেশ্যে ডিসি

নিজেদের পরিবর্তনের মধ্য দিয়েই রাষ্ট্র পরিবর্তন সম্ভব-এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, শুধু রাষ্ট্র আমাকে কী দিয়েছে—সেই প্রশ্নে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রকে আমি কী দিতে পেরেছি, সেটিই হওয়া উচিত আমাদের চিন্তা ও দেশপ্রেমের মূল জায়গা।
সোমবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘মিট দ্য রোভারস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট–২০২৫ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক রোভার স্কাউটদের শৃঙ্খলা ও সুশৃঙ্খল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, সময়ের সদ্ব্যবহার, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কঠোর পরিশ্রম ছাড়া জীবন কখনো সার্থক হয় না। নিজের দোষ না দেখে শুধু অন্যের দোষ ধরলে সমাজ বদলাবে না। যে পরিবর্তন সমাজে চাই, তা আগে নিজের ভেতরে আনতে হবে। রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের এই দায়িত্ব আজকের তরুণ প্রজন্মের ওপরই ন্যস্ত।
সুষ্ঠু সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গঠনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মেধা, যোগ্যতা ও অধ্যবসায়ের মাধ্যমে একটি দৃঢ় রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে। দেশপ্রেম ও দেশমাতৃকার সেবাই হোক আমাদের অভিপ্রায়।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি নির্বাচনকে উৎসবমুখর করে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে রোভার স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদ ও প্রোগ্রাম চিফ এস. এম. হাবীব উল্লাহ হিরু জেলা প্রশাসকের বক্তব্যকে তরুণদের জন্য অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই রোভার মুটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও পার্শ্ববর্তী জেলার রোভার ইউনিট অংশগ্রহণ করছে। এতে রোভাররা তাবুতে অবস্থান করে প্রশিক্ষণ ও নেতৃত্ব বিকাশমূলক নানা কার্যক্রমে অংশ নিচ্ছেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...