জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক এবং চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে শাপলা কলি প্রতীকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী জোবাইরুল আরিফ রাষ্ট্রীয়ভাবে গানম্যান নিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেছেন, সার্বিক নাগরিক নিরাপত্তা নিশ্চিত না করে ব্যক্তিগত সুরক্ষা দেওয়ার উদ্যোগ রাষ্ট্রের অগ্রাধিকার ও সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কর্মকর্তা টেলিফোনে জোবাইরুল আরিফকে গানম্যান নিয়োগের সিদ্ধান্তের কথা জানান। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তাকে অবহিত করা হয়।
তবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জোবাইরুল আরিফ বলেন, সাম্প্রতিক সময়ে আন্দোলনের সহযোদ্ধা শরীফ ওসমান হাদির নিহত হওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ব্যক্তিগত নিরাপত্তা গ্রহণ করা তিনি নৈতিকভাবে সমর্থনযোগ্য মনে করেন না।
তিনি বলেন, “যখন দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন কেবল একজন রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ নিরাপত্তা গ্রহণ করা দায়িত্বজ্ঞানহীনতা হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, কার্যকর আইন প্রয়োগের ঘাটতি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার না হওয়ার কারণেই নিরাপত্তা সংকট তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে ‘বিশেষ’ হিসেবে চিহ্নিত করে গানম্যান দেওয়ার নীতি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে না; বরং এতে সামাজিক বৈষম্য ও ঝুঁকি আরও বাড়তে পারে।
গানম্যান ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলে জোবাইরুল আরিফ বলেন, অতীতে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডে দেখা গেছে-ব্যক্তিগত নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা প্রতিরোধ করা যায়নি। এ বিষয়ে বিচার বিভাগ ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
তিনি স্পষ্ট করে বলেন, “আমি একজন নাগরিক হিসেবে নিরাপত্তা চাই, কোনো বিশেষ সুবিধাভোগী হিসেবে নয়।”
ফারুক, চট্টলা২৪

