বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

যুবদল নেতা আরিফ হত্যা: সুব্রত বাইনের মেয়ের আরও চার দিনের রিমান্ড

যুবদল নেতা মো. আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, পাঁচ দিনের রিমান্ড শেষে আজ খাদিজা ইয়াসমিনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম তাঁর বিরুদ্ধে আবারও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। তাঁর সঙ্গে আরও কারা জড়িত এবং মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্‌ঘাটনের জন্য খাদিজা ইয়াসমিনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী বলেন, ঘটনার সঙ্গে খাদিজা ইয়াসমিনের কোনো সংশ্লিষ্টতা নেই। আগের রিমান্ডে পুলিশ কোনো নতুন তথ্য উদ্‌ঘাটন করতে পারেনি। তাই আবার রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই।

আদালতের অনুমতি নিয়ে খাদিজা ইয়াসমিন বলেন, তাঁর একটি ছোট সন্তান রয়েছে, যে বর্তমানে অন্যদের তত্ত্বাবধানে রয়েছে। তিনি নিজে চাকরি করে জীবিকা নির্বাহ করেন এবং কোনো অপরাধে জড়িত নন বলে দাবি করেন।

পরে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক সহক্রীড়া সম্পাদক ছিলেন।

এ ঘটনায় প্রথমে নিহতের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে আরিফের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে গত ১৫ ডিসেম্বর কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে খাদিজা ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে ১৮ ডিসেম্বর আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...