চট্টগ্রাম নগরীর শীতার্ত ও অসহায় মানুষের সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রধান নগর ভবনে মেয়রের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার পিস শীতবস্ত্র হস্তান্তর করেছে এপিক হোল্ডিং লিমিটেড। এসব কম্বল চসিকের ব্যবস্থাপনায় নগরীর শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে।
শীতবস্ত্র গ্রহণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন এপিক হোল্ডিং লিমিটেডের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শীত মৌসুমে গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে নগরীর মানুষের জীবনমান উন্নয়নে তা বড় ভূমিকা রাখে। ভবিষ্যতেও এপিক গ্রুপ এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব অভিষেক দাশ, এপিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ সালাহউদ্দিন, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন নুর মোহাম্মদ, এ কে এম সালাউদ্দিনসহ চসিক ও এপিক গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চসিক সূত্র জানায়, নগরীর বিভিন্ন এলাকার ছিন্নমূল ও শীতার্ত মানুষের তালিকা অনুযায়ী এসব কম্বল পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
ফারুক, চট্টলা২৪

