অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টা ২৬ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি জানানো হয়। পোস্টে বলা হয়, “মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।” পোস্টটির সঙ্গে একটি ভিডিও সংযুক্ত করা হয়।
ভিডিওতে দেখা যায়, ভিআইপি লাউঞ্জে একটি সোফায় বসে তারেক রহমান মুঠোফোনে কথা বলছেন। এ সময় তাঁর পাশে ঘনিষ্ঠজনদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তাঁদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে তাঁর গণসংবর্ধনাকে ঘিরে সকাল থেকেই বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ও স্লোগান দিতে দেখা যায়।
রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর ফোনালাপকে সাম্প্রতিক সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।ৎ
ফারুক, চট্টলা২৪

