বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনাকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সকাল থেকেই বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা গেছে। বাস, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা গণসংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন। একই সঙ্গে অনেক নেতা-কর্মী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতেও জড়ো হচ্ছেন।
বৃহস্পতিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পূর্বাচলসহ ঢাকার বিভিন্ন এলাকা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে। সরেজমিন দেখা গেছে, কোনো কোনো গাড়িতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে গান বাজানো হচ্ছে। আনন্দে নেচে-গেয়ে গন্তব্যের দিকে এগোচ্ছিলেন নেতা-কর্মীরা।
মহাখালীর আমতলী ক্রসিংয়ে পুলিশ ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিলে সেখানে পৌঁছে গাড়ি থেকে নেমে পড়েন নেতা-কর্মীরা। পরে তাঁরা পায়ে হেঁটে বিমানবন্দর ও গণসংবর্ধনাস্থলের দিকে রওনা হন।
মিছিল নিয়ে এগিয়ে যাওয়া নেতা-কর্মীদের পরনে ছিল লাল, সাদা ও হলুদ রঙের টি-শার্ট। অনেকের মাথায় রঙিন ক্যাপ, হাতে জাতীয় ও দলীয় পতাকা। পুরো এলাকা মুখর হয়ে ওঠে ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’ এবং ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন স্লোগানে।
মহাখালী থেকে হেঁটে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী আকরাম হোসেন। তিনি বলেন, “আমি যশোরের মনিরামপুরে ছাত্রদলের রাজনীতি করতাম। ২০১৮ সালের নির্বাচনের সময় মামলার কারণে এলাকাছাড়া হয়েছিলাম। অনেক বছর পর আমাদের নেতা দেশে ফিরছেন। তাঁকে স্বাগত জানাতে যাচ্ছি। আমাদের কাছে আজকের দিনটি ঈদের চেয়েও আনন্দের।”
রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট সড়ক) গণসংবর্ধনার জন্য একটি বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। গত কয়েক দিন ধরেই সেখানে নেতা-কর্মীদের আনাগোনা ছিল। বুধবার সারা দিন ও রাতেও সেখানে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়।
তারেক রহমান, তাঁর পরিবারের সদস্য ও সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের রেড জোনে তাঁকে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনাস্থলে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। গণসংবর্ধনা শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।
ফারুক, চট্টলা২৪

