বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: শফিকুল আলম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা অনেকটাই পূরণ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশে সত্যিকার অর্থেই কিছু রাজনৈতিক শূন্যতা রয়েছে, আর তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণ হবে।

বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করতে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুল আলম।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। তাঁর দেশে ফেরা রাজনীতিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। সামনে একটি বড় নির্বাচন রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে একটি ‘ডেমোক্রেটিক ট্রানজিশন’-এর মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমান দেশে ফেরার পর এই গণতান্ত্রিক উত্তরণ আরও মসৃণ হবে।

১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তারেক রহমান। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে একই ফ্লাইট বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তাঁর নিরাপত্তার বিষয়টি বিএনপিই দেখছে। এ ক্ষেত্রে সরকার বিএনপির পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা চাওয়া হচ্ছে, সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

খোদা বকশ প্রসঙ্গ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরীর পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এটি বুধবার রাত ১২টার দিকের ঘটনা। তবে তিনি এখনো পদত্যাগের কারণ জানতে পারেননি।

বড়দিনের শুভেচ্ছাবিনিময়

এদিন পবিত্র জপমালা রাণী গির্জায় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছাবিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব। তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব সম্প্রদায়ের মানুষ যেন নিজ নিজ ধর্ম, আচার ও উৎসব নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন—এটাই সত্যিকারের গণতন্ত্রের অন্যতম প্রধান লক্ষ্য।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...