বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে হবে। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমরা শান্তি চাই। ১৯৭১ সালে যেমন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল এবং ২০২৪ সালে যেমন সর্বস্তরের মানুষ একসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে, তেমনি আজও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আজ কথা বলার অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই বসবাস করে। আমরা এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নারী, পুরুষ ও শিশু সবাই নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরে আসতে পারে।”

এর আগে দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৬ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের দেওয়া সংবর্ধনা শেষে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বাসে ওঠার আগে জুতা খুলে মাটিতে পা রাখেন তারেক রহমান এবং হাতে একমুঠো মাটি নেন। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করে নেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের বিশেষ বাসে করে তিনি পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে যান।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...