বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাল নোট হাতবদলের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় পুলিশ সুপার মো. আবদুর রহমান বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন হাবিব উল্লাহ (১৯), উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১ ইস্ট ব্লকের বাসিন্দা; আলী জোহার (২৮) ও মো. আবুল হাশেম (৩২), কুতুপালং পশ্চিম পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের সীমান্তবর্তী ওয়াচ্ছাখালী সাকিনে জনৈক নূরুল ইসলামের দোকানের সামনে জাল টাকা হাতবদলের সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের জালে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রথম দুইজন রোহিঙ্গা সহোদর ভাই এবং তৃতীয়জন একজন সিএনজি চালক। নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে যে, জাল নোট কোথায় উৎপাদিত হয়েছে-দেশের ভিতরে নাকি বিদেশে।
পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান।”
ফারুক, চট্টলা২৪

