মায়ানমারে অবৈধভাবে ডিজেল ও সিমেন্ট পাচারকালে ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (২৬ ডিসেম্বর) বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে ১০০০ লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট ও একটি ইঞ্জিন চালিত বোটসহ পাচারকারী চক্রকে শনাক্ত ও আটক করা হয়।
নৌবাহিনীর জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’ সন্দেহজনক বোট শনাক্ত করে থামার সংকেত দিলে বোটটি পালানোর চেষ্টা করে। ধাওয়া করে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামক বোটটি আটক করা হয়। জব্দকৃত মালামাল ও আটককৃত ১১ জনকে পরে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও নৌবাহিনী জানিয়েছে, আটককৃতরা অধিক মুনাফা লাভের আশায় সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশি সিমেন্ট ও ডিজেল মায়ানমারে পাচার করছিল। নৌবাহিনী বলেছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
ফারুক, চট্টলা২৪

