ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনসিপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এনসিপি জামায়াতে ইসলামী ও তাদের সমমনা আরও আটটি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়। রোববার ঢাকায় জোটের শীর্ষ নেতাদের এক সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরই কুমিল্লা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। অন্যদিকে এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর বাড়িও এই দেবীদ্বার এলাকাতেই। এর আগে গত ২৩ ডিসেম্বর এনসিপির নেতা-কর্মীরা জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সময়ে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলামও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাইফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন,
‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’
এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, ‘সংগঠন থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেটিকে স্বাগত জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমাদের কর্মীদের ত্যাগের জন্য মহান রবের কাছে দোয়া করি। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দেবীদ্বারের মানুষের পাশে আমি সব সময় থাকব। হয়তো জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারব না, তবে সংগঠনের এই সিদ্ধান্ত সামগ্রিকভাবে কল্যাণ বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।’
এনসিপি-জামায়াত সমঝোতার ফলে কুমিল্লা-৪ আসনে নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ফারুক, চট্টলা২৪

