বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দলের সব নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত জোটে যুক্ত হওয়া তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে এক ধরনের ‘প্রবঞ্চনা’।
নিজের পোস্টে তিনি এনসিপির ঘোষিত আদর্শ ও বর্তমান রাজনৈতিক অবস্থানের মধ্যে পার্থক্য তুলে ধরেন। নুসরাত তাবাসসুম লেখেন, ‘এনসিপি তার জন্মলগ্নে আমাদের স্বপ্ন দেখিয়েছে গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা, সভ্যতাকেন্দ্রিক সাম্রাজ্য সম্প্রসারণ এবং সর্বোপরি বাংলাদেশপন্থা নিয়ে। এই শব্দগুলোই আমার রাজনৈতিক স্বপ্ন। এনসিপি গঠনের সময় দলটি ঠিক তাই ছিল, যা আমি চেয়েছিলাম। কিন্তু আজ, ২৮/১২/২০২৫- ঠিক ১০ মাস পর- জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে বিভিন্ন শর্তসাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে আমি মনে করি দলের সর্বোচ্চ নেতৃত্ব নিজেরাই এনসিপির মূল বক্তব্য থেকে সরে এসেছেন।’
তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময়ে দলের আহ্বায়কসহ শীর্ষ নেতাদের কাছ থেকে আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা শুনেছি। সেই প্রেক্ষাপটে মনোনয়ন নেওয়া ব্যক্তি ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে বলে আমি মনে করি।’
সবশেষে তিনি জানান, ‘এই ঘটনাবলীর প্রেক্ষিতে আমি নুসরাত তাবাসসুম (যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি) প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে পার্টির সকল কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় করছি এবং পরিস্থিতি পুনর্বিবেচনা করে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিচ্ছি।’
নুসরাত তাবাসসুমের এই ঘোষণার মাধ্যমে এনসিপির অভ্যন্তরীণ সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এর আগে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও জামায়াতসহ জোটে যাওয়ার বিরোধিতা করেন, যদিও তিনি দল ছাড়ার ঘোষণা দেননি। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের নেপথ্যের কারিগর হিসেবে পরিচিত মাহফুজ আলমও জানিয়েছেন, তিনি জামায়াত–এনসিপি জোটের হয়ে নির্বাচনে অংশ নেবেন না।
ফারুক, চট্টলা২৪

