সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এ শোকবার্তা হস্তান্তর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে শোকবার্তাটি হস্তান্তর করেন তিনি। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ড. এস জয়শঙ্কর।
দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশ নিতে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কয়েক লাখ মানুষ জড়ো হয়েছেন।
এর আগে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন এবং দলীয় নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ফারুক, চট্টলা২৪

