বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশে পালিয়ে থাকা হত্যা মামলার আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার

বিদেশে পালিয়ে থাকা হত্যা মামলার এক আসামিকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৯ ডিসেম্বর মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের আবদুল লতিফের ছেলে মো. আবদুল আহাদ (৫৫)।

পিবিআই নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, বেগমগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্তে আবদুল আহাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরে একাধিকবার অভিযান পরিচালনার পর গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে ঢাকার বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ পিবিআইকে সহায়তা করে।

তদন্তে জানা গেছে, ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার মবুল্যাপুর কালভার্টের সামনে পূর্বশত্রুতার জেরে আবদুল আহাদ ও তার সহযোগীরা ভিকটিম আবদুল লতিফ মিন্টুকে মারধর করে গুরুতর আহত করেন। পরে তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে প্রায় এক কিলোমিটার পশ্চিমে কোটরা মহব্বতপুর এলাকায় নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পুনরায় আঘাত করা হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় গ্রাম পুলিশ মো. বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পিবিআইয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান জানান, ঘটনার দুই দিন পর ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর আবদুল আহাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পালিয়ে যান। প্রায় দুই বছর পর তার দেশে ফেরার গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পিবিআইয়ের অভিযান অব্যাহত রয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...