চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত বিতর্কিত ব্যবসায়ী জসিম আহমেদের প্রার্থীতা বাতিল ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ‘বিপ্লবী জুলাই যোদ্ধা’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন ও মিছিলে বক্তারা দাবি করেন, জুলাই হত্যা মামলার আসামি জসিম আহমেদ জুলাই আন্দোলন দমন ও হত্যাকাণ্ডে অর্থের যোগানদাতা ছিলেন। এছাড়া তাকে আওয়ামী ফ্যাসীবাদের দোসর এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের ‘ক্যাশিয়ার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বক্তারা বলেন, এমন একজন ব্যক্তিকে চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন দিলে তা জুলাই আন্দোলনে নিহত ও আহতদের রক্তের সঙ্গে বেইমানির শামিল হবে এবং জনগণ তা মেনে নেবে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের নেতা জসিম উদ্দিন আকাশ, জুলাই মঞ্চের সংগঠক ওসমান গনি, আন্দোলনে আহতরা রিয়াদ সুলতানা নুরী, তানভীরুল ইসলাম, জান্নাতুল নাঈম, এমদাদ বাবু, নাজমুল, সানি, এবং নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক আব্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য আন্দোলনকারী।
বিক্ষোভ থেকে ঘোষণা করা হয়, আগামী রবিবার জসিম আহমেদের মনোনয়ন বাতিলের দাবিতে রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
ফারুক, চট্টলা২৪

