বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার ঢাকার বাইরে প্রথম সফরে যাচ্ছেন। সফরের শুরুতেই তিনি বগুড়া সফর করবেন। দীর্ঘ ১৯ বছর পর এটি হবে তার বগুড়া আগমন। বিএনপির গুলশান কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন। রোববার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ সফরের কথা জানান। আজ সোমবার রাতে অনুষ্ঠিতব্য বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সফরটি চূড়ান্ত করা হবে। বৈঠক শেষে বিস্তারিত সফরসূচি ঘোষণা করা হতে পারে।

বগুড়া জেলা বিএনপির সূত্রে জানা গেছে, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি পুনরায় বগুড়ার মাটিতে পা রাখবেন। তার আগমনকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সূত্র জানায়, বগুড়ায় পৌঁছে তিনি একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি সকাল ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জেলা বিএনপির আয়োজনে গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গণমাধ্যমকে জানান, গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানে হজরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সেখানে জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন। রংপুরে গিয়ে তিনি জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন পর নেতার সফর উপলক্ষে গণসংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী হওয়ায় এসব কর্মসূচি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় বাতিল করা হয়েছে।

এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ১২ জানুয়ারি রংপুর যাওয়ার পথে তারেক রহমান শিবগঞ্জ উপজেলার মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানানো হবে। পরে দলীয় নেতাকর্মীরা তাকে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানা রাহবাল পর্যন্ত পৌঁছে দেবেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...