নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আপিল আবেদন জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি আইনি প্রক্রিয়ার লড়াই চালিয়ে যাবেন।
আজ বিকেল চারটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এসে তাসনিম জারা আপিল আবেদন জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী আরমান হোসেনসহ অন্যরা।
সাংবাদিকদের তাসনিম জারা বলেন, ‘আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। সেটি আপাতত গৃহীত হয়নি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা আপিল করেছি।’
তিনি বলেন, ‘মাত্র দেড় দিনের মধ্যে প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থনে স্বাক্ষর দিয়েছেন। অনেকেই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ পরিচালনা করেছেন, ভলান্টিয়ারিং করেছেন। এই মানুষের ভালোবাসা ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাব। যাঁরা স্বাক্ষর দিয়েছেন, তাঁরা চান আমি যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। সে কারণেই আমরা আপিল করেছি।’
পরে তাসনিম জারার আইনজীবী আরমান হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালা ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী ১ শতাংশ ভোটারের যে স্বাক্ষরসংবলিত তালিকা জমা দেওয়া হয়েছে, তা শতভাগ সঠিক। তবে তালিকা সংগ্রহের সময় নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো কার্যকর না থাকায় প্রস্তাবকদের ভোটার তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘প্রস্তাবক হিসেবে যাঁরা স্বাক্ষর করেছেন, তাঁরা ঢাকা-৯ আসনের ভোটার হিসেবেই স্বাক্ষর দিয়েছেন। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে আমরা তা তখন যাচাই করতে পারিনি। সেখান থেকেই এই জটিলতা তৈরি হয়েছে।’
আইনজীবী আরমান হোসেন আরও বলেন, আপিলে জয়ের ব্যাপারে তাঁরা আত্মবিশ্বাসী। তাঁর ভাষায়, ‘আইনগতভাবে আমাদের শক্ত অবস্থান আছে। আমরা আশাবাদী, এই আপিলের মাধ্যমে সমস্যার সমাধান হবে এবং ডা. তাসনিম জারা আবার জনগণের প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।’
ফারুক, চট্টলা২৪

