গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা ফ্যাসিবাদকে সমর্থন করে, তারা গণভোটে ‘না’-এর পক্ষে প্রচার করবে। আর যারা জনগণের অধিকার চায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গুম ও ক্রসফায়ার দেখতে চায় না, তারাই ‘হ্যাঁ’-তে ভোট দেবে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোট উপলক্ষে ‘ভোটের গাড়ি’ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেই তারা ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। জুলাই সনদকে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করতেই এই গণভোটের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ‘জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের অবদানে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে সবাইকে “হ্যাঁ” ভোট দিতে হবে।’
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজার পাবলিক লাইব্রেরির হলরুমে গণভোট কার্যক্রম নিয়ে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
সভায় তিনি বলেন, ‘বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রসফায়ার দেওয়া চলবে না, আয়না ঘর বানানো চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যা হবে বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত- যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে।’
তিনি আরও বলেন, ‘জনতার কাফেলা “হ্যাঁ” ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে, জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে।’ একই সঙ্গে তিনি জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোট উপলক্ষে ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
ফারুক, চট্টলা২৪

