চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক ও রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও দেশের স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। সকল পথ ও মতের সমন্বয়ের মাধ্যমেই একটি সাম্য, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবে বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পেশাজীবী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও চিকিৎসকসহ বহু পেশাজীবী নির্যাতনের শিকার হয়েছেন।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নসরুল কদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
ফারুক, চট্টলা২৪

