গোপালগঞ্জে উৎসাহ-উদ্দীপনা ও সবার অংশগ্রহণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত নিরাপত্তা সমন্বয় সভা শেষে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব বাহিনী সর্বদা তৎপর রয়েছে। নির্বাচনকালীন যে ধরনের প্রস্তুতি ও দায়িত্ব পালন প্রয়োজন, তা শতভাগ নিশ্চিত করা হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে গণভোটে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।
সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সেনা ক্যাম্পের কর্মকর্তাবৃন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

