আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জ গঠনের দিন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে মামলাটির বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এ মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির চার্জ গঠন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি বলেন, “দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যতালিকায় চার্জ গঠনের দিন অন্তর্ভুক্ত হওয়ায় মামলাটি এখন একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে। চার্জ গঠনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ট্রায়াল প্রক্রিয়া শুরু হবে।”
মামলার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় আদালত প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রাম আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বলয় কার্যকর থাকবে। এ সময় আদালত এলাকায় সীমিত প্রবেশ ব্যবস্থা চালু থাকবে এবং প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিচার কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে এ মামলার ২২ জন আসামিকে হাজির করা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে ওই দিন মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। বিচারক এজলাসে উঠে একে একে অন্যান্য আসামিদের উপস্থিতি নিশ্চিত করেন। ওইদিন নথিপত্র পর্যালোচনা শেষে আদালত ১৯ জানুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে চার্জ গঠনের দিন ধার্য করেন।
ফারুক, চট্টলা২৪

