রবিবার, ৩ মে, ২০২৬

এডভোকেট আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সকালে সাড়ে নয়টার দিকে বন্দরনগরী চট্টগ্রামের আদালতে তোলা হয় এই মামলার অন্যতম আসামি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৩ জনকে। দীর্ঘ শুনানি শেষে আদালত চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী ২ ফেব্রুয়ারি নিহত আলিফের বাবার সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এস ইউ এম নুরুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষের আবেদন আদালত মঞ্জুর করেছেন এবং আসামিপক্ষের আইনজীবীদের পিটিশন নামঞ্জুর করা হয়েছে। তিনি জানান, আদালত আজ আসামি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় অভিযোগ গঠন করেছেন।

অন্যদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা অভিযোগ গঠনের আদেশের বিরোধিতা করেছেন। তাদের দাবি, ১৬৪ ধারায় দেওয়া কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চিন্ময় কৃষ্ণ দাসের নাম না থাকলেও তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, তারা আদালতে পিটিশন দিয়েছেন এবং শুরু থেকেই দাবি করে আসছেন যে তার মক্কেল সম্পূর্ণ নিরপরাধ। ১৬৪ ধারায় যারা জবানবন্দি দিয়েছেন, তাদের কেউই চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ করেননি।

এদিকে, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের সহকর্মীরা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, মামলার চার্জশিটে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং সবাই যেন ন্যায়বিচার পায়—এটাই তাদের প্রত্যাশা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের জামিন ইস্যুকে কেন্দ্র করে তার অনুসারীরা আদালত চত্বরে ভাঙচুর ও তাণ্ডব চালায়। বিক্ষোভের এক পর্যায়ে আদালতের পাশের রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর–এ অভিযান চালিয়ে প্রায় ২৭...

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি সরোয়ার আলমগীর বলেছেন, শ্রমিকদের মর্যাদা...

খাগড়াছড়িতে ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ

বর্ষা মৌসুমে খাগড়াছড়ির বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের...

সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনতে এক লাখ স্বাস্থ্যকর্মী...