বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জঙ্গল সলিমপুরে অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি উল্লেখ করে সেখানে থাকা অবৈধ বসতি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ প্রক্রিয়ায় অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেন, “অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুঁড়িয়ে দেব- এইটুকু কথা আমরা আপনাদের দিলাম।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭-এর প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
র‍্যাব ডিজি বলেন, নায়েব সুবেদার মোতালেব হোসেন শহীদ হয়েছেন। এ ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি র‍্যাব নিবিড়ভাবে মনিটরিং করবে বলেও জানান তিনি।

নিহতের পরিবারের বিষয়ে একেএম শহিদুর রহমান বলেন, মোতালেব হোসেনের পরিবারের ওপর অপূরণীয় ক্ষতি নেমে এসেছে। তাঁর স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তানরা হারিয়েছে তাদের পিতাকে। “আমরা তাঁকে ফিরিয়ে দিতে পারব না, তবে তাঁর পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করেছি। পরিবার যেন কোনোভাবেই অসহায় না হয়ে পড়ে, সে বিষয়ে র‍্যাব পাশে থাকবে,” বলেন তিনি।

জঙ্গল সলিমপুর প্রসঙ্গে র‍্যাব ডিজি বলেন, এলাকাটি বর্তমানে সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে এবং অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে খুব শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যেই সেখানে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুন-আগস্টের পর থেকে র‍্যাব একাধিক সফল অভিযানে অনেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। প্রতিটি অভিযানে ঝুঁকি থাকে উল্লেখ করে তিনি বলেন, সোমবারের ঘটনাটিও একটি ব্যতিক্রমী পরিস্থিতি ছিল। পরিস্থিতি বিবেচনায় এবং সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় তখন র‍্যাব সদস্যরা গুলি চালাননি।

র‍্যাব ডিজি জানান, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে। কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করে ভবিষ্যতে আরও কার্যকরভাবে অভিযান পরিচালনা করা হবে। হামলায় জড়িত কয়েকজনের নাম ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা ও শান্তি রক্ষায় র‍্যাব সর্বশক্তি দিয়ে কাজ করে যাচ্ছে এবং যেকোনো ঝুঁকি নিয়েই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে যাবে।

উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব-৭-এর সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন নিহত হন। এ ঘটনায় আরও তিনজন র‍্যাব সদস্য আহত হন। ঘটনার পরপরই যৌথ বাহিনী ওই এলাকার সব প্রবেশমুখে অবস্থান নেয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা রঙের দুটি মাইক্রোবাসে করে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে মাইকিং করে কয়েকশ’ মানুষ জড়ো করে তাঁদের ওপর হামলা চালানো হয়। ফুটেজে মাইক্রোবাস ভাঙচুরের দৃশ্যও দেখা গেছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...