জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর আগে দুই আসামির অব্যাহতি চেয়ে করা আইনজীবীদের আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। পরে বিচারপতি শফিউল আলম মাহমুদ প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ পাঠ করেন এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
দুই আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন জুনাইদ আহমেদ পলক। বুধবার সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অপর আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আইনি লড়াই করছেন।
এর আগে গত ১৫ জানুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। ওইদিন পলকের পক্ষে আইনজীবী লিটন আহমেদ এবং জয়ের পক্ষে মনজুর আলম শুনানি করেন। তারা প্রসিকিউশনের আনা অভিযোগের বিরোধিতা করে জয় ও পলকের সংশ্লিষ্টতা নেই দাবি করে অব্যাহতির আবেদন জানান। তবে প্রসিকিউশন অভিযোগ গঠনের পক্ষে আর্জি জানায়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে জয়ের নির্দেশে পলক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেন। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী হামলা চালায়। পাশাপাশি ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা এবং হত্যায় সহায়তার অভিযোগ আনা হয়। এতে পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনীর হামলায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ ২৮ জন শহীদ হন। এছাড়া উত্তরা এলাকায় সংঘটিত ৩৪ হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।
ফারুক, চট্টলা২৪

