চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কার প্রসঙ্গে প্রতিক্রিয়ায় লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, তিনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছেন। দলের দেওয়া মনোনয়ন তিনি মেনে নিতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, “দলের কাজ দল করেছে, আমার কাজ আমাকে করতেই হবে। এই বহিষ্কারই শেষ কথা নয়। অতীতে অনেকেই বহিষ্কার হয়েও পরে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।”
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
অন্যদিকে মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। শুরুতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করলেও পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তিনি মনোনয়নপত্রের বৈধতা ফিরে পান।
ফারুক, চট্টলা২৪

