পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের ঘনিষ্ঠ সহযোগী এবং পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানার তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী মো. ইউসুফ হোসেন সাগরকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুইটি ১২ বোর কার্তুজসহ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ২১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে পাঁচলাইশ মডেল থানার স্পেশাল-৩২(নৈশ) ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ আশরাফ উদ্দিন সরদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানাধীন হিলভিউ আবাসিক এলাকার ১০ নম্বর রোড থেকে তাকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাগর জানায়, শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের নির্দেশে তিনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ, খুলশী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মিল-ফ্যাক্টরি, ব্যবসা প্রতিষ্ঠান এবং নির্মাণাধীন ভবনের মালিকদের আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি ও আদায় করতেন।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পাঁচলাইশ মডেল থানাধীন বন বিভাগের মালিকানাধীন হিলভিউ ১০ নম্বর রোডসংলগ্ন মুক্তিযোদ্ধা পাহাড়ের ওপর একটি পরিত্যক্ত পাকা পানির চৌবাচ্চা থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুইটি সাদা রঙের ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতগুলো ২২ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা ১৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
ফারুক, চট্টলা২৪

