আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় রাজধানীর ভাসানটেকের বিআরবি মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম জানান, গতকালের মতো আজও তারেক রহমানের উপস্থিতিতে ভাসানটেকে বিপুল জনসমাগম হবে এবং একটি সফল জনসভা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ঢাকা-১৭ আসনের জনগণের বিপুল ভোটে তারেক রহমান নির্বাচিত হবেন এবং আগামী দিনে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে বৃহস্পতিবার থেকে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। প্রথম দিনে দেশের সাতটি জেলায় ধারাবাহিক জনসভায় বক্তব্য দেন তিনি। দুপুর ১২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে সফর শুরু করেন। পরে বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জনসভায় বক্তব্য দেন।
সফর অব্যাহত রেখে রাত ৩টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে এবং সর্বশেষ নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এসব কর্মসূচি শেষে ভোর ৪টার কিছু সময় পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
ফারুক, চট্টলা২৪

