বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি-এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বাংলাদেশের পক্ষে ছিল না, যারা ভারতের পক্ষে কাজ করেছে, তারা আজ ভারতে পালিয়ে গেছে। আরেকটি শক্তি রয়েছে, যারা বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে।
তিনি বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে, সে জন্য সবাইকে সচেতন থেকে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবার পরিণতি একই হবে—এমন হুঁশিয়ারিও দেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আজীবন সংগ্রাম করে যাচ্ছে। শহীদদের আত্মত্যাগ ও প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীন ও মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।
ফারুক, চট্টলা২৪

