চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, জামায়াত-শিবির ধর্মের কথা বললেও বাস্তবে তারা প্রতি মুহূর্তে শিরক ও ধর্মবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তারা রাজনীতি করছে, যা দেশ ও জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর।
শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর চট্টগ্রাম আগমন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরওয়ার আলমগীর বলেন, জামায়াত-শিবির আমাকে ভয় পায় বলেই আমাকে রাজনীতি থেকে সরাতে একের পর এক ষড়যন্ত্র করছে। আদালতে মিথ্যা ও ভুয়া মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে ঋণ খেলাপির অপপ্রচার চালানো হয়েছে, অথচ মাননীয় আদালত স্পষ্টভাবে রায় দিয়েছেন- আমি ঋণ খেলাপি নই। আমি ঋণগ্রহীতা, ঋণ খেলাপি নই। এই সত্য জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে।
তিনি আরও বলেন, তারা জানে আমি মাঠে থাকলে তারা রাজনৈতিকভাবে ভেসে যাবে। তাই আমাকে ঠেকাতে নানা ফন্দি-ফিকির আঁটছে। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। সত্য ও ন্যায়ের পক্ষে জনগণ এবং আদালত রয়েছে।
সরওয়ার আলমগীর বলেন, তারেক রহমান বাংলাদেশের প্রাণস্পন্দন, তিনি মাটি ও মানুষের নেতা। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। সারা দেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে স্বাধীনতাবিরোধী ও ধর্ম ব্যবসায়ীরা ভেসে যাবে। দেশের মানুষ বেহেশতের টিকিট বিক্রিকারী ও ধর্ম নিয়ে ব্যবসা করা রাজনীতিবিদদের আর পছন্দ করে না।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবে চট্টগ্রামবাসী। তার আগমন উপলক্ষে যে জনসভা অনুষ্ঠিত হবে, তা স্মরণকালের বৃহত্তম জনসভায় পরিণত হবে এবং চট্টগ্রাম জনসমুদ্রে রূপ নেবে- ইনশাআল্লাহ।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, নাজিম উদ্দীন বাচ্চু, হাসানুল কবির, গাজী আমান উল্লাহ, আজম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ফারুক, চট্টলা২৪

