সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে প্রশাসন সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, দেশের নাগরিকদের দীর্ঘদিনের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা হলো স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা। সেই গুরুদায়িত্ব এখন প্রশাসনের ওপর ন্যস্ত হয়েছে। এ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করতে হবে। আমাদের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবে সেগুলোর দিকে তাকিয়ে থাকার অবকাশ নেই। সামনে পথচলা কঠিন ও চ্যালেঞ্জিং হলেও সেই চ্যালেঞ্জকে শক্তিতে পরিণত করে দায়িত্ব পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. নাজির আহমদ খান, চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান, লক্ষীছড়ি জোনের পিএসসি জি উপ-অধিনায়ক সাদ বিন সাঈদ, মাটিরাঙ্গা জোনের পিএসসি জি উপ-অধিনায়ক মো. আলতাফ মাহমুদ রুবেল, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বশির আহমদ, সহকারী জেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা দলের কমান্ড্যান্ট ফরিদা পারভীন সুলতানা, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম এবং ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে।
মতবিনিময় সভার উদ্বোধনী বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা।
সভায় উপস্থিত কর্মকর্তারা নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে তাদের সর্বাত্মক প্রস্তুতির কথা জানান।
ফারুক, চট্টলা২৪

