চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া মাদরাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি খাদিজা মাশমুম, বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তি একজন পথচারী হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। আহত তিনজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশা ও এক পথচারীকে ধাক্কা দিয়ে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী হাফেজ শাহাবুদ্দিন বলেন, ‘আমি একজনের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ একটি দ্রুতগতির ট্রাক এসে দাঁড়িয়ে থাকা সিএনজিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন মাদরাসা ছাত্রী ও একজন পথচারীর মৃত্যু হয়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’
বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুল হাসান চৌধুরী জানান, হাসপাতালে আনা দুই শিক্ষার্থীর মধ্যে একজন মারা যান। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
ফারুক, চট্টলা২৪

