চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সাইমন উদ্দিন (১৯) ও মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইমন উদ্দিন ওই এলাকার নুরুল হকের ছেলে এবং জাহাঙ্গীর আলম মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি খড়ের গাদা থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, দুটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবারই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ফারুক, চট্টলা২৪

