চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ায় কোনো ধরনের আইনের ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেছেন আইনজীবীরা। তাদের মতে, আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন অনুসরণ করেই রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দিয়েছেন।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরওয়ার আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রণি বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আইনজীবী প্রত্যয়নপত্রের ভিত্তিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ আইনসম্মত। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় অনুযায়ী এ ধরনের প্রত্যয়নপত্রের ভিত্তিতে আদেশ কার্যকর করা বৈধ।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী বলেন, রিটার্নিং কর্মকর্তা কোনো বেআইনি কাজ করেননি। বরং আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। প্রতীক বরাদ্দ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল বোর্ড একাধিক আদেশ দিয়ে বিভ্রান্তি তৈরি করলেও মঙ্গলবার হাইকোর্ট সরওয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রতীক ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুসারেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আইনজীবীরা অভিযোগ করেন, জামায়াত প্রার্থী নুরুল আমিন একের পর এক মামলা করে সরওয়ার আলমগীরকে নির্বাচনী মাঠের বাইরে রাখার চেষ্টা করেছেন। তবে তিনি কোনো সময়ই ঋণখেলাপি ছিলেন না। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে ঋণ রিসিডিউল ও পরিশোধ সংক্রান্ত বিষয় আদালতে উপস্থাপিত হয়েছে বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, অ্যাডভোকেট হাসান উদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা।
ফারুক, চট্টলা২৪

