জামিন ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে কারা কর্তৃপক্ষ। কারা প্রশাসন ঘটনাটিকে ‘ভুলমুক্তি’ হিসেবে দাবি করলেও কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি সামাল দিতে জাকারিয়া ইমতিয়াজ নামে এক ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি কারাগারের বাইরে সংশ্লিষ্ট কোনো সংস্থাকে জানানো হয়নি। পরে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কারাগার থেকে মুক্তি পাওয়া তিন আসামি হলেন— মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা এবং একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি একটি ‘ভুলমুক্তি’। তিনি জানান, দায়িত্বে থাকা কর্মকর্তার ভুলের কারণে আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে।
ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে এই তিন আসামিকে মুক্তি দেওয়া হয়। দায়িত্বরত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ অসতর্কতাবশত এ ভুল করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, গাফিলতির দায়ে সংশ্লিষ্ট ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে গঠিত তদন্ত কমিটি পুরো ঘটনা খতিয়ে দেখছে। তদন্তে অন্য কোনো কর্মকর্তা জড়িত থাকলে বা ভিন্ন কোনো উদ্দেশ্যের প্রমাণ মিললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তাদের তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনায় পুলিশকে দ্রুত জানানো হলে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সহজ হতো।’
ঘটনাটি প্রকাশ্যে আসার পর কারাগারের ভেতরে ও বাইরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যা মামলার আসামিরা কীভাবে এত সহজে কারাগার থেকে বেরিয়ে যেতে পারল-তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
ফারুক, চট্টলা২৪

