আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।
বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। এর আগে তিনি হযরত শাহমখদুম (র.) মাজার জিয়ারত করেন এবং পরে জনসভা মঞ্চে ওঠেন।
তারেক রহমান বলেন, গত কয়েক বছরে দেশবাসী নিশিরাতের ভোট ও ‘আমি-ডামি’র নির্বাচন দেখেছে। এখন আবার একটি মহল ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “১২ তারিখ জনগণকে সজাগ থাকতে হবে। দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইনের মাধ্যমে তার বিচার করতে হবে। জনগণ সজাগ থাকলে ১৩ তারিখ হবে জনগণের দিন। ওই দিন থেকেই মানুষের জন্য কাজ শুরু হবে।”
পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা
রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজশাহীতে আইটি পার্ক থাকলেও তা কার্যকর নয়। পদ্মা নদী থাকলেও পানির সংকট রয়েছে। বিএনপি বিজয়ী হলে খাল খনন, পদ্মা নদী খনন এবং পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এতে দেশের কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকের ভাগ্যের উন্নয়ন হবে।
তিনি বলেন, রাজশাহীতে প্রচুর আমবাগান থাকলেও পর্যাপ্ত হিমাগার নেই। বিএনপি সরকার গঠন করলে হিমাগার স্থাপন করা হবে। পাশাপাশি আইটি পার্ক সচল করে কর্মসংস্থান সৃষ্টি এবং ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে মানুষ বিদেশে গিয়েও ভালো কর্মসংস্থানের সুযোগ পায়।
তারেক রহমান আরও বলেন, দলমত নির্বিশেষে প্রতিটি মায়ের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যাতে প্রতিটি পরিবার সরাসরি সহায়তা পায়।
বিশেষায়িত হাসপাতাল স্থাপনের অঙ্গীকার
বিদেশে চিকিৎসার জন্য বিপুল অর্থ ব্যয় হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দেশে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে, যাতে উন্নত চিকিৎসার জন্য মানুষকে আর বিদেশে যেতে না হয়।
জনসভা শেষে তারেক রহমান দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বলেন, “১২ তারিখ পর্যন্ত আপনারা এদের দেখে রাখবেন, আর ১৩ তারিখ থেকে এরা আপনাদের দেখে রাখবে।”
ফারুক, চট্টলা২৪

