সমাজের অধিকারবঞ্চিত ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমী ও মানবিক এক আয়োজন করেছে ফ্যাশন ফর লাইফ। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে ‘গিফট এ ডিনার’ শীর্ষক একদিনের স্বপ্ন পূরণের বিশেষ অনুষ্ঠান।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক অধিকারবঞ্চিত শিশু অংশগ্রহণ করে। অভিজাত পরিবেশে এমন আয়োজন শিশুদের মাঝে সৃষ্টি করে আনন্দ, উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস-যা তাদের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, মুখাভিনয়, গান, নৃত্য, দেশাত্মবোধক সংগীত এবং ব্যতিক্রমী ফ্যাশন র্যাম্প শো পরিবেশিত হয়। শিশুদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানের একপর্যায়ে শিশুদের মাঝে বিভিন্ন ধরনের পোশাক ও উপহার বিতরণ করা হয়, যা তাদের আনন্দ আরও বাড়িয়ে দেয়।
ফ্যাশন ফর লাইফের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাসুমের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহসভাপতি ডিজাইনার রওশন আরা চৌধুরী, চট্টগ্রাম প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা, ৭১ টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আবু বকর শাহেদ, জেসিআই চট্টগ্রামের সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, সেক্রেটারি নাহিদ মঈনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের মূলধারায় শিশুদের সম্পৃক্ত করতে সামাজিক সংগঠনগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
তারা আরও বলেন, এই আয়োজন শিশুদের জন্য কেবল আনন্দের উৎসব নয়, বরং স্বপ্ন দেখার, নিজেকে প্রকাশ করার এবং নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ।
ফারুক, চট্টলা২৪

