চট্টগ্রামের পাহাড়, সমতল ও উপকূলীয় ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।
রবিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করা হয় আসন্ন নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চট্টগ্রামের ভৌগোলিক বৈচিত্র্য ও নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় নির্বাচন নির্বিঘ্ন করতে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়েছে। পরিস্থিতি অনুযায়ী যেখানে যত জনবল প্রয়োজন, সেভাবেই সদস্য মোতায়েন করা হবে।
তিনি বলেন, নির্বাচন ঘিরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হবে।
লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি পুরনো পরিভাষা। তবে সরকার নির্বাচনকে লেভেল প্লেয়িং ফিল্ডে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।
নির্বাচনের সময় ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারনেট খোলা রাখারই পরিকল্পনা রয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রগুলো সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের জাতীয় অঙ্গীকার। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যেকোনো মূল্যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।’
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করাই সবার দায়িত্ব। নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা পক্ষপাতিত্ব সহ্য করা হবে না।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি ও আনসার–ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

