চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আলোচিত শীর্ষ সন্ত্রাসী মো. আকতারকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বৈরাগ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
অভিযানকালে আকতারের কাছ থেকে একটি দেশীয় শটগান, একটি বিদেশি রিভলবার, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের অস্ত্র, চারটি পটকা, একটি টর্চার চাবুক এবং নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা যায়, আকতার বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে নিজের মায়ের ক্ষমতা ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসা, জায়গা দখল, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপরাধে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, যৌথ অভিযানের মাধ্যমে আকতারকে গ্রেফতার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

