নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল চট্টগ্রাম ও কক্সবাজার সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে আয়োজিত একাধিক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
দলীয় সূত্র জানায়, হেলিকপ্টারযোগে সকাল সাড়ে ১১টার দিকে তিনি কক্সবাজারের মহেশখালীতে পৌঁছাবেন। সেখানে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ ও নতুনবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রার্থী পরিচিতি পর্বে অংশ নেবেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের গোল চত্বর মাঠে অনুষ্ঠিত আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
কক্সবাজার সফর শেষে ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর পদুয়া হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
দিনের শেষ ভাগে চট্টগ্রাম নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতের আমিরের। সফর শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিকে সফরকে কেন্দ্র করে জনসভাগুলো সফল করতে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বাগত মিছিল, লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম চালাচ্ছেন।
ফারুক, চট্টলা২৪

