চট্টগ্রামের পটিয়ার আলোচিত মোহাম্মদ সোহেল (৩৬) হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ কায়েস (৪৫)–কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে ২০২২ সালের ২২ এপ্রিল ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে মোহাম্মদ কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী আবুল কাসেম জানান, তার ছোট ভাইকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্ত কায়েস গ্রেপ্তার হলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে দীর্ঘদিন তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সম্ভব হয়নি।
বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পটিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু মামলাটি পটিয়া থানায়, তাই আইনানুগ প্রক্রিয়ায় তাকে সেখানে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ফারুক, চট্টলা২৪

