বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দুদকের মামলায় শেখ হাসিনা, টিউলিপ, ববি ও রূপন্তীর কারাদণ্ড

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বছর এবং তার বোন শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা হক সিদ্দিক রূপন্তীর ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ দুই মামলার রায় ঘোষণা করেন।

মামলা দুটির একটি রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে প্লট বরাদ্দ সংক্রান্ত এবং অপরটি তার ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর প্লট বরাদ্দ নিয়ে। দুপুর ১২টা ৮ মিনিটে বিচারক রায় পাঠ শুরু করেন। এ সময় কারাগারে আটক একমাত্র আসামি খুরশীদ আলম আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, ঢাকা শহরে বাড়ি, ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার তথ্য গোপন করে আইন লঙ্ঘন ও দুর্নীতির মাধ্যমে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তী পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি করে প্লট বরাদ্দ নেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দে সহায়তা করেন এবং টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তার ভাই-বোনকে প্লট পাইয়ে দিতে শেখ হাসিনাকে প্রভাবিত করেন।

দুদকের দায়ের করা এ দুই মামলায় মোট ১৮ জন করে আসামি রয়েছেন। রায়ে গ্রেপ্তার একমাত্র আসামি খুরশীদ আলমকে এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের পাঁচ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...