চট্টগ্রামে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে কাইস নামের ওই আসামিকে আটক করে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল বাকলিয়া এলাকায় অবস্থান নেয়। পরে মধ্যরাতে পরিচালিত ঝটিকা অভিযানে কাইসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাইস চট্টগ্রামের পটিয়া উপজেলার বুধপুরা গ্রামের কালু মেম্বার বাড়ির বাসিন্দা এবং হাজী মো. ইউসুফ সওদাগরের ছেলে।
পটিয়া থানা সূত্র জানায়, কাইসের বিরুদ্ধে ২০২২ সালে পটিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলাটি পটিয়া থানায় দায়ের হওয়ায় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সেখানে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘২০২২ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন কাইস। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
ফারুক, চট্টলা২৪

