‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬’ উপলক্ষে চট্টগ্রামে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) নগরের সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন, চট্টগ্রাম এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। স্বাধীনতার ৫৫ বছর পরও ভেজাল ও দূষণমুক্ত খাদ্য নিশ্চিত করতে নতুন করে ভাবতে হওয়া হতাশাজনক। তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে নয়, ব্যবসায়ী ও ভোক্তা—সবার মধ্যে নৈতিকতা ও সচেতনতা সৃষ্টি করলেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, অধিক মুনাফার চিন্তা থেকে সরে এসে ব্যবসায়ীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত না হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম। উন্মুক্ত আলোচনায় ক্যাব প্রতিনিধি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং খাবার পানির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও হোটেল-রেস্তোরাঁ মালিকরা অংশ নেন। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও পরিবেশবান্ধব গাছ বিতরণ করা হয়।
ফারুক, চট্টলা২৪

